প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
চার্চ থেকে ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির ঘটনায় গ্রেপ্তার ২
TV 26 NEWS ডেস্ক : ||
রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউর সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন তুহিন ও বাদশা।শনিবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ।ওসি বলেন, মাননীয় মন্ত্রী ববি হাজ্জাজ স্যারের উদ্যোগে ইতোমধ্যে মোহাম্মদপুর এলাকায় প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আরো ক্যামেরা লাগানোর কাজ চলছে। মন্ত্রী স্যারের লাগানো ক্যামেরার কারণে অপরাধ কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।তিনি বলেন, চার্চের ঘণ্টা চুরির ঘটনায় চোরেরা রিকশায় করে ঘণ্টাটি নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় তুহিন ও বাদশা নামে দুজনকে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে একই ক্যামেরার ফুটেজের সহায়তায় চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় অক্ষত উদ্ধার করা হয়েছে।ওসি আব্দুল হামিদ বলেন, মোহাম্মদপুরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রী ববি হাজ্জাজ স্যার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭০টি ক্যামেরা লাগিয়েছেন।এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া ঘণ্টাটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আসাদ এভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। গত বুধবার দিবাগত রাত ১২টার পর কোনো এক সময় অজ্ঞাতপরিচয় চোরেরা সেটি নিয়ে যায়। পরে ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।ঘণ্টাটি উদ্ধার ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।পুলিশ জানায়, ঘণ্টা চুরির ঘটনায় গ্রেপ্তার তুহিনের নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।পুলিশের ধারণা, সাঁড়াশি অভিযানের মুখে চোরেরা ঘণ্টাটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে গভীর রাতে জাকির হোসেন রোডের ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।পুলিশ কর্মকর্তা আরো বলেন, চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত