প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
সরকারি কাগজ জালিয়াতির অভিযোগে কম্পিউটার দোকানি ও পল্লী বিদ্যুতের কথিত দালালসহ গ্রেপ্তার ৩
TV 26 NEWS ডেস্ক : ||
নেত্রকোনার মোহনগঞ্জে জমির দলিল, বিআরএস, নামজারি, জন্মনিবন্ধন, পৌরসভার ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের প্রত্যয়ন ও নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি কাগজপত্র জাল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি কম্পিউটার ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহনগঞ্জ পৌরশহরের স্টেশন রোডের কম্পিউটার দোকানি শাকিল মিয়া (৩২), উপজেলা পরিষদের পাশের কম্পিউটার দোকানি এস এম রাকিবুল হক রাব্বি (২৮) এবং পল্লী বিদ্যুৎ অফিসের কথিত দালাল ঝুটন দত্ত (৪৩)।
শাকিল বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের হুমায়ুন মুন্সীর ছেলে, রাব্বি টেংগাপাড়া এলাকার মৃত এ কে এম মাহবুবুল হকের ছেলে এবং ঝুটন হাট মোহনগঞ্জ এলাকার মৃত কালীর সাধন দত্তের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি জাল কাগজের সূত্র ধরে গতকাল মঙ্গলবার শহরে অভিযান শুরু করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। প্রথমে স্টেশন রোডে শাকিল মিয়ার কম্পিউটার দোকানে তল্লাশি চালিয়ে জমির দলিল, নামজারি, জন্মনিবন্ধন, পৌরসভার ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের প্রত্যয়ন ও নাগরিক সনদসহ বিভিন্ন জাল কাগজপত্রের তথ্য পাওয়া যায়। পরে শাকিলকে আটক করা হয়।
শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ অফিসের কথিত দালাল ঝুটন দত্তকে আটক করা হয়। এরপর উপজেলা পরিষদের পাশে রাকিবুল হক রাব্বির কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। সেখানেও একই ধরনের জাল নথিপত্রের তথ্য পাওয়া যায়। তাদের ব্যবহৃত স্মার্টফোনে জাল কাগজপত্রের তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে প্রশাসন।
পরে ঝুটন দত্তের ব্যক্তিগত চেম্বারে তল্লাশি চালিয়ে পল্লী বিদ্যুতের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পল্লী বিদ্যুৎ অফিস সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের অভিযোগ, ঝুটন দত্ত দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে দালালি করে আসছিলেন। গ্রাহকদের মিটার ও ট্রান্সফরমার পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে কম্পিউটার দোকানগুলো থেকে নকল দলিল, নামজারিসহ বিভিন্ন সরকারি নথি তৈরি করিয়ে নেওয়া হতো। পরে এসব কাগজপত্র ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ ও ট্রান্সফরমারের জন্য আবেদন করা হতো বলে অভিযোগ রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, আটক তিনজনের মধ্যে দুজন কম্পিউটার দোকানি এবং একজন পল্লী বিদ্যুৎ অফিসের দালাল। দুই দোকানির কম্পিউটার তল্লাশি করে জমির দলিল, বিআরএস, নামজারি, জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, চেয়ারম্যানের প্রত্যয়ন ও নাগরিক সনদসহ বিপুল পরিমাণ জাল কাগজপত্রের তথ্য পাওয়া গেছে। পল্লী বিদ্যুতের দালাল ঝুটন তাদের দিয়ে এসব কাগজ তৈরি করিয়ে নিতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার ব্যক্তিগত চেম্বারেও তল্লাশি চালানো হয়েছে।
এম এ কাদের আরও বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী মোহাম্মদ সাদ্দাম হোসেন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা করেছেন। আজ বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও মোহনগঞ্জে জমির নামজারি জাল করাসহ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক কম্পিউটার দোকানিকে সাজাও দেওয়া হয়েছিল। এ কারণে বিষয়টি নিয়ে প্রশাসন সতর্ক ছিল।
পল্লী বিদ্যুৎ অফিসের কথিত দালাল ঝুটন দত্তের বিষয়ে জানতে মোহনগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইমদাদুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
তবে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম বলেন, ‘ঝুটন দত্ত আমাদের অফিসের কেউ নন। আমাদের এখানে অনেকে নানা বিষয়ে সুপারিশ করতে আসেন। ঝুটন হয়তো তেমনটাই করতেন। দালালদের বিষয়ে আমরা সতর্ক থাকব।’
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত