প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
সার না পেয়ে গুদামে ঢুকে গেলেন কৃষকেরা, পরে পুলিশ পাহারায় বিতরণ
TV 26 NEWS ডেস্ক : ||
সার নিতে সকাল থেকেই গুদামের সামনে ভিড় করেন শত শত কৃষক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকলে একপর্যায়ে কয়েকজন কৃষক গুদামের ভেতরে ঢুকে পড়েন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় নারী ও পুরুষ কৃষকদের পৃথক লাইনে দাঁড় করিয়ে সুষ্ঠু পরিবেশে সার বিতরণ করা হয়।
গতকাল বুধবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া বাজারে মেসার্স রাজ্জাক অ্যান্ড কোং-এর সার গুদামে ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই বিভিন্ন এলাকার কৃষকেরা সার নিতে গুদামের সামনে জড়ো হতে থাকেন। কয়েক শ কৃষক জড়ো হওয়ার পর দীর্ঘ অপেক্ষার একপর্যায়ে কয়েকজন গুদামের ভেতরে ঢুকে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ ও পুলিশ সদস্যরা। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় সার বিতরণের ব্যবস্থা করা হয়।
কৃষক মজিদ বলেন, সার নিতে সকালেই এসেছি। অনেক কৃষক একসঙ্গে আসায় ভিড় বেড়ে যায়। পরে প্রশাসন ও পুলিশ এসে ব্যবস্থা করায় সার নিতে পেরেছি।
আরেক কৃষক বারেক বলেন, সারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পরে লাইন করে সার দেওয়ার ব্যবস্থা করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ বলেন, সংশ্লিষ্ট সার ডিলার আব্দুর রাজ্জাক ৭০৬ বস্তা বিভিন্ন ধরনের সার উত্তোলন করেছেন। একসঙ্গে কয়েক শ নারী-পুরুষ কৃষক গুদামের সামনে জড়ো হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সার বিতরণের ব্যবস্থা করা হয়।
সারের ডিলার আব্দুর রাজ্জাক বলেন, বিপুলসংখ্যক কৃষক একসঙ্গে সার নিতে আসায় গুদামের সামনে ভিড় বেড়ে যায়। পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় শৃঙ্খলাপূর্ণভাবে সার বিতরণ করা হয়েছে। পরে গ্রাম পুলিশের সহায়তায় নারী ও পুরুষ কৃষকদের পৃথক লাইনে দাঁড় করানো হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে পর্যায়ক্রমে সার বিতরণ করা হয়। পুরো কার্যক্রমে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, ‘এ ধরনের পরিস্থিতি তৈরি হবে, সেটা আমরা বুঝতে পারিনি। তবে এরপর থেকে যেসব স্থানে ডিলাররা সার বিতরণ করবেন, সেখানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। আজ উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে সার বিতরণ করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত