প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
একসঙ্গে দুজনকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির ৬০ বছরের কারাদণ্ড
TV 26 NEWS ডেস্ক : ||
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ৩০ বছর করে ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুটি মামলায় তাকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভুক্তভোগী দুই শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দেন আদালত।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে বগুড়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় দেন। আদালতের পিপি আবদুল মান্নান এসব তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্ত দিনমজুর নুর ইসলাম কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের মৃত হবিবুর রহমানের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ বেলা ১১টার দিকে দুই শিশু তাদের বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় তাদের বাবা ও মা কাজে বাইরে ছিলেন। এ সুযোগে নুর ইসলাম খাবারের কথা বলে দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউক জানালে তাদের হত্যার ভয় দেখানো হয়। পরদিন এক শিশুর রক্তক্ষরণ ও অপরজনের শরীরে জ্বর আসে। এতে শিশু দুটির পরিবারে বিষয়টি জানাজানি হলে নুর পালিয়ে যায়। পরে এক শিশুর মা কাহালু থানায় তার বিরুদ্ধে মামলা করেন।
পাশাপাশি দুই শিশুকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। তাদের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। পরবর্তী সময়ে থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে নুরকে গ্রেফতার করে। তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষ আদালতে ১০ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণে বিষয়টি প্রমাণিত হওয়ায় আজ রায় ঘোষণা করেন আদালত।
ট্রাইব্যুনালের পিপি আবদুল মান্নান বলেন, ‘দুটি ঘটনায় নুর ইসলামকে ৩০ বছর করে ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একটির সাজা শেষ হওয়ার পর অপরটির সাজা শুরু হবে। আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার এক লাখ টাকা আসামির সম্পত্তি বিক্রি করে ভুক্তভোগীদের পরিবারকে দেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত