প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
ঢামেকে মরদেহ রেখে পালালেন ২ যুবক, মৃতের বয়স আনুমানিক ৫০
TV 26 NEWS ডেস্ক : ||
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক ব্যক্তির মরদেহ ফেলে রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই যুবক। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই ব্যক্তিকে নিয়ে আসেন তারা। এরপর টিকিট আনতে গিয়ে পালিয়ে যান।
ওই অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী ও পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে দুই ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তাকে ট্রলিতে তোলার পর রোগীর জন্য হাসপাতালের টিকিট কাটার কথা বলে কৌশলে পালিয়ে যান।
হাসপাতালের ট্রলিম্যান অনেকক্ষণ অপেক্ষার পরও তাদের খোঁজ না পাওয়ায় মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা দুই যুবকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তবে ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
হাবিবুর রহমান আরও জানান, মৃত ব্যক্তির পকেটে একটি মানিব্যাগ পাওয়া গেছে। ভেতরে ৩০ টাকা ও একটি ছবি পাওয়া গেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত