প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযান, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪
TV 26 NEWS ডেস্ক : ||
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে সীতাকুণ্ড মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউসার।
পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও পাহাড় দখলমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপার মাসুদ আলমের নির্দেশনায় অভিযান চালানো হয়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আলীনগর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। অভিযানে উপপরিদর্শক (এসআই) রফিকুলসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি শর্টগান, একটি চীনা পিস্তল, ছয়টি কার্তুজ, পিস্তলের নয়টি গুলি, একটি চাপাতি, একটি টেঁটা, একটি লোহার কাটার এবং চাঁদা আদায়ের একটি তালিকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পরে রিমান্ডের আবেদন করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউসার বলেন, জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকাকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত না করা পর্যন্ত পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল আহমেদ, সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত