প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে সড়কে ময়লার স্তূপ ও তীব্র দুর্গন্ধ, ভোগান্তি
TV 26 NEWS ডেস্ক : ||
বেতন-ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল ও চাকরির নিশ্চয়তার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের পর ২৪ ঘণ্টা পার হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি শহরের বিভিন্ন সড়ক। শনিবার (১০ অক্টোবর) দুপুর পর্যন্ত চকবাজারসহ ব্যস্ততম এলাকাগুলোতে ময়লা-আবর্জনা পড়ে থাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরা।এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজেদের বিভিন্ন দাবি আদায়ে শহরের চকবাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ময়লা ফেলে বিক্ষোভ করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। পরবর্তীতে পৌর প্রশাসক সম্রাট খীসার হস্তক্ষেপে ময়লা সরানোর উদ্যোগ নেওয়া হলেও শহরের বেশ কিছু স্থানে আবর্জনা রয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।চকবাজার এলাকার ব্যবসায়ী সিরাজ, সবুজ ও তারেক জানান, দোকানের সামনের ফুটপাতে ময়লা স্তূপ হয়ে থাকায় সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ। আবর্জনার কারণে ক্রেতারা দোকানে আসতে ইতস্তত বোধ করছেন, ফলে স্বাভাবিক বেচাকেনা ব্যাহত হয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। শনিবার পৌরসভার সাপ্তাহিক ছুটি থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কতৃপক্ষকে জানাতে পারেননি তারা, তবে রোববার বিষয়টি লিখিত ও মৌখিকভাবে জানানো হবে।স্থানীয় বাসিন্দাদের মতে, পরিচ্ছন্নতাকর্মীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে। কিন্তু সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে জনবহুল বাজারে ময়লা ফেলে রাখা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।পৌরসভার পরিচ্ছন্নতা শাখার কনজারভেন্সি পরিদর্শক ফয়েজ আহম্মদ বলেন, সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতাকর্মীরা আন্দোলন করেছিলো। পৌর প্রশাসক তাদের নিয়ে বসেছেন এবং পরবর্তীতে ময়লা পরিষ্কার করে দেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে পরিচ্ছন্নতাকর্মীরা এসে কাজ করেন। তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে পৌর কর্তৃপক্ষের যে নির্দেশনা ছিলো, তা নিয়েও বড়ো কোনো জটিলতা নেই।তবে শহরের কিছু অংশে এখনো কেন ময়লার স্তূপ রয়ে গেছে—এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা এবং নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।উদ্ভুদ পরিস্থিতিতে শহরের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুততম সময়ে সব ময়লা-আবর্জনা অপসারণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত