প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
ভারতে আটক বিক্ষোভকারীদের মুক্তির আহ্বান আসিফ মাহমুদের
TV 26 NEWS ডেস্ক : ||
ভারতে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনে আটক যুব বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে বিক্ষোভের আগে গ্রেপ্তার ও তরুণদের কণ্ঠরোধের অভিযোগের নিন্দা জানিয়ে তিনি ভারত সরকারকে যুবকদের প্রতিবাদের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান।
আসিফ মাহমুদ লেখেন, আমি বিক্ষোভের আগে ধ্রুব রাঠী এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তরুণ বিক্ষোভকারীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।
তিনি আরও লেখেন, বিভিন্ন প্রতিবেদনে আরও ইঙ্গিত পাওয়া গেছে যে, এই বিক্ষোভকে বাধাগ্রস্ত করতে ভারত সরকার শত শত ট্রেনের সময়সূচি বাতিল, বাস চলাচল স্থগিত, ইন্টারনেট সেবা বন্ধ এবং বিক্ষোভের এলাকাগুলো ব্যারিকেড দিয়ে ঘেরাও করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকার নিয়ে মারাত্মক উদ্বেগ সৃষ্টি করে।
এনসিপির মুখপাত্র বলেন, আমি ভারত সরকারকে অবিলম্বে সকল আটককৃতদের মুক্তি দেওয়ার এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার জন্য তরুণদের মৌলিক অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি।
ফেসবুক পোস্টে শেষে তিনি লেখেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ন্যায়সংগত দাবির লড়াইয়ে সরকারি দমন-পীড়নের মুখোমুখি হওয়া ভারতের যুবসমাজের পাশে এই সংকটময় মুহূর্তে সংহতি প্রকাশের জন্য আমি বিশ্বের সমস্ত তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত