প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
চিপস কিনে দেওয়ার কথা বলে দুই শিশুকে বাজারে রেখে গেলেন মা, খোঁজ নেই বাবারও
TV 26 NEWS ডেস্ক : ||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের বাজারে পাঁচ ও দেড় বছর বয়সী দুই মেয়েকে চিপস কিনে দেয়ার কথা বলে বাজারে রেখে চলে গেছেন তাদের মা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিশুদের চাচি সেখান থেকে তাদের বাড়িতে নিয়ে যান। এরপর মুঠোফোনে শিশুদের মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কুমিল্লা নগরে চলে এসেছেন এবং সন্তানদের আর নিজের কাছে রাখতে চান না।
শিশু দুটি হলো দেড় বছর বয়সী রোজা ও তার বড় বোন পাঁচ বছর বয়সী ইসরাত। তারা উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের নাছির ও জেসমিন দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে দক্ষিণ বাজার এলাকায় শিশু দুটিকে একা দাঁড়িয়ে কাঁদতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় বড় বোন ইসরাত জানায়, তাদের মা চিপস কিনে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে এসেছেন। পরে তিনি কোথাও চলে যান, আর ফিরে আসেননি।
শিশু দুটির পরিচয় ও স্বজনদের খুঁজে পেতে স্থানীয় কয়েকজন তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। সেসব ছবি ও ভিডিও দেখে শিশু দুটির এক চাচি ঘটনাস্থলে পৌঁছান। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা শিশু দুটিকে তার জিম্মায় দেন।
শিশুদের চাচি স্থানীয় লোকজনকে জানান, তাদের বাবা নাছির কুমিল্লা নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। আগে তারা কুমিল্লা শহরে বসবাস করতেন। প্রায় চার মাস আগে নাছির ও জেসমিনের বিচ্ছেদ হয়। এরপর জেসমিন অন্যত্র বিয়ে করেন।
স্থানীয়দের উপস্থিতিতে মুঠোফোনে শিশু দুটির মায়ের সঙ্গে যোগাযোগ করেন তাদের চাচি। এ সময় জেসমিন জানান, তিনি ইচ্ছা করেই শিশু দুটিকে সেখানে রেখে গেছেন এবং তাদের আর ফিরিয়ে নিতে চান না। অন্যদিকে, শিশুদের বাবা নাছিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ভূঁইয়া রিপন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। মা-বাবার বিচ্ছেদের পর শিশুদের মা তাদের ব্রাহ্মণপাড়া সদরে রেখে কুমিল্লায় চলে গেছেন বলে জানতে পেরেছেন। বর্তমানে শিশু দুটি তাদের এক স্বজনের কাছে নিরাপদে রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। স্থানীয় এক চিকিৎসক তাকে ফোন করে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা ওই চিকিৎসকের কাছে গেলে তাদের কাছেই শিশু দুটিকে বুঝিয়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত