প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে ক্যাচ মিস নিয়ে যা বললেন শান্ত
TV 26 NEWS ডেস্ক : ||
জয়ের দারুণ সুযোগ পেয়েও আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট ড্র করেছে বাংলাদেশ। প্রায় দেড় দিন হাতে থাকলেও প্রতিপক্ষকে চতুর্থ ইনিংসে অলআউট করতে পারেনি টাইগাররা। ম্যাচজুড়ে একাধিক ক্যাচ মিস ও ফিল্ডিংয়ের দুর্বলতা জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এমন হতাশাজনক ফলের পর ক্যাচ মিসকে খেলার স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, ভালো দল হতে হলে এসব সুযোগ কাজে লাগাতে শিখতে হবে।
টেস্ট শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ক্যাচ মিস! এগুলো হবেই। কেউ তো ইচ্ছা করে করে না। সবাই চেষ্টা করে অনুশীলনে। এগুলো হবে। তবে যদি ভালো দল হতে চান, ম্যাচ জিততে চান, তাহলে এসব সুযোগ নেওয়া শিখতে হবে।’
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিতে না পারার বিষয়টিও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, চা-বিরতির পর আরও তিন-চারটি উইকেট নেওয়ার অভিজ্ঞতা বাংলাদেশের খুব বেশি নেই। এমন পরিস্থিতিতে কীভাবে আরও উইকেট তুলে নেওয়া যায়, সেটিও শেখার বিষয়।
জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করে শান্ত বলেন, ‘ম্যাচ জিততে না পারা অবশ্যই একটু হতাশাজনক। তবে বলব না যে আমরা খুব খারাপ ক্রিকেট খেলেছি। বিশেষ করে আজকে বোলাররা যেভাবে কষ্ট করেছে, এই গরমে।’
এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট ও গ্লাভস হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন লিটন দাস। দুই ইনিংসে যথাক্রমে ৫৩ ও ১০৩ রান করার পাশাপাশি উইকেটকিপিংয়ে ৯টি ডিসমিসাল করেন তিনি। এই পারফরম্যান্সে টেস্ট ক্রিকেটে বিরল বিশ্বরেকর্ড গড়েন বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার।
লিটনের প্রশংসা করে শান্ত বলেন, ‘লিটন ভাই যেভাবে খেলেছে এই ম্যাচ, দারুণ দুটি ইনিংসের সঙ্গে এত লম্বা সময় কিপিং করা, ৯-১০টা ডিসমিসালও ছিল। দারুণ কামব্যাক, (আগের) তিন ইনিংসে ভালো করতে না পারার পর এভাবে ফিরে আসা দারুণ ছিল।’
বাংলাদেশের বোলিং পরিকল্পনা প্রসঙ্গে শান্ত জানান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন অনেক ওভার বল করেছেন। শুরুতে কন্ডিশন দেখে পেসারদের এত দীর্ঘ সময় বোলিং করতে হবে বলে মনে হয়নি। সে তুলনায় নাঈম হাসানের বোলিং কিছুটা কম হয়েছে।
নাঈমের পারফরম্যান্স নিয়ে অধিনায়ক বলেন, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ভালো বোলিং করেছেন। নাঈম কিছুটা দুর্ভাগা হলেও যখনই বল করার সুযোগ পেয়েছেন, নিজের সেরাটা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত