প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
TV 26 NEWS ডেস্ক : ||
ব্রিসবেনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে টাইগ্রেসদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা। বুধবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ২২.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকেরা।
টস হেরে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৬ রানে মুর্শিদা খাতুনের উইকেট হারায় তারা। এরপর শারমিন সুলতানা ফেরেন ৬ রান করে। নিগার সুলতানা ৩ রানে আউট হলে ১৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
অন্য প্রান্ত আগলে খেলার চেষ্টা করেন তিনে নামা শারমিন আক্তার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৯৩ বলে ৫০ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন স্বর্ণা আক্তার।
এই দুজন ছাড়া বাংলাদেশের আর কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। শেষ পর্যন্ত এক বল আগেই ১৭২ রানে অলআউট হয় সফরকারীরা।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল মেগান শুট। ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট নেন এই পেসার। অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার নেন দুটি করে উইকেট।
১৭৩ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। জর্জিয়া ভোল ও বেথ মুনির উইকেট হারালেও পাওয়ার প্লেতে ৭৪ রান তোলে তারা।
চতুর্থ উইকেটে ১০৪ বলে ১২৭ রানের অবিচ্ছিন জুটিতে জয় নিশ্চিত করেন এলিসা পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড। পেরি ৬৪ বলে ৬৫ আর সাদারল্যান্ড ৫২ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচ ও সিরিজসেরা মেগান শুট। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত