প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ
মোঃ জাহিদুল আলম, (ষ্টাফ রিপোর্টার) ||
চট্টগ্রামের মিরসরাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তের নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।বিজিবি সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়। ভোর সাড়ে পাঁচটার দিকে ছোটফরিংগা বিওপির সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় শাড়িগুলো পাওয়া যায়।জব্দ করা শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লাখ ৩৬ হাজার টাকা। এসব শাড়ি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশের অর্থনীতি ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত