প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে ঢাকা-চট্টগ্রামের তিন প্রতিষ্ঠানকে জরিমানা
TV 26 NEWS ডেস্ক : ||
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ, ওজনে কারচুপি, হাইড্রোজ ব্যবহার এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ঢাকা ও চট্টগ্রামের তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) পৃথক তদারকি অভিযানে এসব প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
রাজধানীর লালবাগে খান মোহাম্মদ মসজিদ ও লালবাগ কেল্লা-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আল মদিনা মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, মিষ্টির ওজনে কারচুপি, হাইড্রোজ ব্যবহার এবং মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পায় অধিদপ্তর।
এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় হাইড্রোজ ও লেবেলবিহীন ফ্লেভার জব্দ করা হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন।
অন্যদিকে, চট্টগ্রাম মহানগরীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে মেসার্স মনোয়ারা কর্পোরেশন/অনন্যা ট্রেড সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৫০ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৫০০ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৭ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শনেও অনিয়ম পাওয়া যায়।
একই এলাকায় বিক্রয় ভাউচার প্রদান ও মূল্যতালিকা প্রদর্শনে অনিয়মের দায়ে এআর ট্রেডার্সকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত এবং বাজারে মূল্যশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত