প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
পাবনায় গাছ কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু
TV 26 NEWS ডেস্ক : ||
পাবনার চাটমোহরে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম শফি (৩৫) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া শাহজানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের সদর উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ ও গাছ কাটার মতো ঝুঁকিপূর্ণ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির অদূরে শাহজাহান মোড় এলাকায় আবুল হোসেনের বাগানে চুক্তিভিত্তিক মেহগনি গাছ কাটছিলেন শফিকুল। গাছ কাটার একপর্যায়ে পা পিছলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় কাটা গাছটি তার ওপর পড়লে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান জানান, গাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় ওই দিনমজুরের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন।
এদিকে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো খবর বা অভিযোগ আসেনি। তবে লোকমুখে মৃত্যুর কথা শুনেছি।
অভাবের সংসারে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় তিন শিশু সন্তান নিয়ে তার স্ত্রী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষ করে তার কনিষ্ঠ সন্তানের বয়স মাত্র তিন মাস। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত