প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির পদ হারালেন যুবদলের আহ্বায়ক
TV 26 NEWS ডেস্ক : ||
চোরাচালানের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি জানাজানি হওয়ার পর নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যপদ থেকে এক যুবদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বেলাল হোসেন সুমন (৪৫) নামের ওই ব্যক্তি উপজেলা যুবদলের আহ্বায়ক পদে আছেন।
চর আমানউল্যাহ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বেলাল হোসেন সুমন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি খাসেরহাট বাজারের রড-সিমেন্টের ব্যবসা রয়েছে তাঁর।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০২৫ সালের ২২ নভেম্বর জেলার হাতিয়া উপজেলার কালাবাহাদুর বাজার-সংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রলারে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় প্রায় ৭০০ বস্তা সিমেন্ট ও ৪০০ ক্যারেট কোমল পানীয়সহ চারজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় পণ্যগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল। পরে এই ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিয়া থানায় মামলা হয়। তদন্ত শেষে চলতি বছরের ১০ মে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। তারা হলেন– মো. হান্নান (৪৯), ইকবাল হোসেন (১৯), মো. রাশেদ রহমান (৫৫), আইয়ুব নবী (৩৯), মাহে আলম (৪৫), এনায়েত উল্যা ওরফে এনাম মেম্বার (৪০) ও বেলাল হোসেন ওরফে সুমন (৪৫)।
বেলালের নামে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে সুবর্ণচরের চরজব্বার থানার ওসি রফিকুল হাসান বলেন, গত সপ্তাহে থানায় গ্রেপ্তারি পরোয়ানার কাগজ পৌঁছেছে। তবে তারা জানতে পেরেছেন, ওই যুবদল নেতা গত বুধবার আদালত থেকে জামিন নিয়েছেন। এই মামলা ছাড়া তাঁর বিরুদ্ধে থানায় আর কোনো মামলাও নেই।
যুবদল নেতা বেলাল হোসেন সুমনের ভাষ্য, ২০০৯ সাল থেকে তিনি ফ্রেশ সিমেন্ট, ২০১৭ সাল থেকে ডায়মন্ড সিমেন্ট ও রড কোম্পানির পরিবেশক হিসেবে সুনামের সঙ্গে ব্যবসা করছেন।
পাশাপাশি রাজনীতি করেন। আওয়ামী লীগের আমলে জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, ‘গত সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী মো. শাহজাহানের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছি। একটি পক্ষ তা ভালোভাবে মেনে নিতে পারেনি। আমি চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছে। এ কারণে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য পূর্বপরিকল্পিতভাবে হাতিয়া থানার ওই মামলায় জড়ানো হয়েছে।’ ওই ঘটনা ও মামলাটি সম্পর্কে তিনি কিছুই জানেন না দাবি করে বলেন, ‘একজন ব্যবসায়ী হিসেবে আমার কাজ হলো পণ্য বিক্রি করা। ক্রেতা পণ্য কিনে কোথায় নিচ্ছেন, সেটা তো আমার দেখার বা জানার দায়িত্ব নয়।’
সুবর্ণচরের ইউএনও আকিব ওসমানের ভাষ্য, গত বৃহস্পতিবার তাঁকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত