প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন
TV 26 NEWS ডেস্ক : ||
নেত্রকোণায় সাংবাদিক লুৎফর জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সিনিয়র সহসভাপতি তারেক মাহমুদ, সহসভাপতি এস এম দেলোয়ার হোসেন, আশরাফ হোসেন রাজা, ফারুক মিয়া ও নজরুল ইসলাম।এ ছাড়া সাংবাদিকদের পক্ষে সংহতি জানিয়ে বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নুর এলাহী, আজাদ এবং মুস্তাফিজ সালাম সজীব। পুরো মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম ফুলু।মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের নানা অসংগতি, অন্যায় ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমের জন্য বড় হুমকি।বক্তারা আরও বলেন, এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সমুন্নত রাখতে দ্রুততম সময়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতকরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দেশজুড়ে কর্মরত সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত