প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজার ছুটি : রাজধানীর বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম
TV 26 NEWS ডেস্ক : ||
দুর্গাপূজার ছুটিতে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কমেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরার বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। কমেছে মাছ-মাংসের বেচাকেনাও। এর মধ্যে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এক মাংস বিক্রেতা বলেন, এবার পূজার ছুটি ঈদের ছুটির মতো হয়ে গেছে। গতকাল থেকেই বাজারে মানুষের আনাগোনা কমেছে।
বাজারে মাছের দামেও রয়েছে ভিন্নতা। প্রতি কেজি দেশি কৈ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, বড় বোয়াল ৮০০ টাকা, গলদা চিংড়ি ১ হাজার ২০০ টাকা, ভেনামি চিংড়ি ৮০০ টাকা এবং রুপচাঁদা ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ছোট চিংড়ির কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, শরপুঁটি ২৫০ টাকা, ট্যাংরা ৫৫০ থেকে ৬৫০ টাকা, মাঝারি বাইম ৬০০ থেকে ৬৫০ টাকা এবং বড় বাইম ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি বাটা মাছ ২৮০ টাকা, ছোট সিলভার কার্প ১৪০ থেকে ১৫০ টাকা, বড় সিলভার কার্প ১৮০ টাকা, কাজলি ১ হাজার ৪০০ টাকা, শোল ৬০০ থেকে ৭০০ টাকা, গুঁড়া মাছ ৬০০ টাকা, কাচকি ৫৫০ টাকা এবং পাবদা ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
এক কেজির কম ওজনের রুই মাছের কেজি ২৯০ টাকা এবং দুই কেজি পর্যন্ত ওজনের রুই ৩৮০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। প্রায় একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। এক কেজি ওজনের আইড় মাছের দাম ৬০০ টাকা। ওজনভেদে তা ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
মিরপুর বাজারের মাছ বিক্রেতা মো. সজল বলেন, গত শুক্রবারের তুলনায় এবার ক্রেতা ও বিক্রেতা দুজনের সংখ্যাই কম। একসঙ্গে ছুটি থাকায় চাকরিজীবীদের পাশাপাশি অনেক মাছ ব্যবসায়ীও বাড়ি গেছেন কিংবা অন্য কাজে ব্যস্ত রয়েছেন। এ কারণে বাজারে মাছের সরবরাহ কমেছে। অন্যদিকে ক্রেতার উপস্থিতিও কম। সব মিলিয়ে বাজারে বেচাকেনা কম হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, যারা কেনাকাটা করতে আসছেন, তারা দ্রুত প্রয়োজনীয় পণ্য কিনে চলে যাচ্ছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় বাজারে লোকজনের উপস্থিতি কম।
মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আলী আসগর বলেন, সাপ্তাহিক ছুটির দিনে বাজারে দাম বেশি থাকে, মাছও তাজা পাওয়া যায়। আজ বাজারে ক্রেতার ভিড় কম। মাছ বিক্রেতাও বেশ কম।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত