প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
মাসুদুল হক, (বার্তা প্রধান): ||
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন নাক্রাইপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সিন্দুকছড়ি জোনের উদ্যোগে নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় ২০০ জন পাহাড়ি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আয়োজিত এ ক্যাম্পেইনে নেতৃত্ব দেন সিন্দুকছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. সোহান আল মাহমুদ (আরএমও)।ক্যাম্পেইনে জ্বর, সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, বাতব্যথা, অ্যালার্জি ও চর্মরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়। সাধারণ অসুস্থতা নিয়ে আসা রোগীদেরও চিকিৎসাসেবা দেওয়া হয়।চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল, পিএসসি, জি। এ সময় স্থানীয় কারবারি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে জোন কমান্ডার স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাসের আহ্বান জানান। তিনি সবার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।এদিকে, মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত চালু রাখার অনুরোধ জানান।এ সময় স্থানীয়রা নাক্রাইপাড়া ত্রিমোড়ে একটি সৌরবিদ্যুতের বাতি স্থাপন, নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছের খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ এবং বিদ্যালয়ের জন্য একটি সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের দাবি জানান।স্থানীয় জনগণের এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়।সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত