প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন
TV 26 NEWS ডেস্ক : ||
মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া পৃথক দুটি আবেদন করেন। এ বিষয়ে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি দিলীপকে গুলশান থানার মামলায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে। এরপর এই মামলায় গ্রেফতার দেখানো ও রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছিল তখনকার র্যাব। পরবর্তীতে তিনি ২০২৫ সালের ১ অক্টোবর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে জামিন পেয়ে কারামুক্ত হন। যা নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। তার কারামুক্তির এক বছর পর ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২০ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে কিছুটা সুস্থতা অনুভব করায় ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত