প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সুনামগঞ্জ সীমান্তে আটক ৩
TV 26 NEWS ডেস্ক : ||
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে দোয়ারাবাজার থানার আরমানছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) বাঁশতলা বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।
আটক মানব পাচারকারীর নাম আমির (২২)। তিনি দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। অন্য দুজন হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার আবুল হোসেন (৪২) ও শার্শা উপজেলার ফাতেমা (১৮)।
বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেওয়ার কাজে জড়িত। অন্যদিকে, আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন দোয়ারাবাজারের চৌধুরীপাড়া এলাকার অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪)। বিজিবির অভিযানের সময় তারা পালিয়ে যান।
আটক তিনজনকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত