প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
গাইবান্ধায় ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি
TV 26 NEWS ডেস্ক : ||
গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলতি বছরের প্রথম নয় মাসে ৬ হাজার ৮৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে সিআর, জিআরসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, জেলার ইতিহাসে এটি সর্বোচ্চসংখ্যক মামলা নিষ্পত্তির রেকর্ড।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির রেজাউল করিম সরকার।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১৮ হাজার ৯৫৬টি। এরপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে নতুন করে ৭ হাজার ৭৮৩টি মামলা দায়ের হয়। এ ছাড়া জেলা জজ আদালত থেকে বদলি হয়ে আসা পাঁচ লাখ টাকার কম মূল্যের চেকসংক্রান্ত (এনআই অ্যাক্টের ১৩৮ ধারা) মামলাসহ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়ায় ২০ হাজার ২১৩টিতে।
একই সময়ে এসব মামলার মধ্যে ২১ হাজার ৯৭টি মামলা বিচারের জন্য বিভিন্ন আদালতে বদলি করা হয়। বর্তমানে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯ হাজার ৬টি মামলা বিচারাধীন রয়েছে।
সূত্র আরও জানায়, আদালটিতে প্রয়োজনীয় অবকাঠামো ও বিচারকসংকট রয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ মোট ১১টি পদ থাকলেও এর মধ্যে চারটি পদ এখনো শূন্য। বর্তমানে আদালতে সাতজন বিচারক কর্মরত রয়েছেন।
বিচারসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ২০২৫ সালের নভেম্বর মাসে গাইবান্ধায় যোগ দেওয়ার পর মামলা নিষ্পত্তির হার বেড়েছে। এতে মামলার জট কমাতেও অগ্রগতি হয়েছে।
গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক হিপজুর আলম মুন্সী বলেন, নির্ধারিত দিনে সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় অনেক সময় মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের তাগিদে নির্ধারিত সময়ে সাক্ষী হাজির করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে নয় মাসে দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, সম্প্রতি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তির হার বহুগুণ বেড়েছে। এতে বিচারপ্রার্থীরা অনেক উপকৃত হচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত