প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টা, ৯ গরুসহ পিকআপ উদ্ধার
TV 26 NEWS ডেস্ক : ||
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টার সময় মো. মিজান (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ৩৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় পিকআপে থাকা ৯টি গরু উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার খুদিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার বিকেলে হাইওয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (মিডিয়া) মুনতাসীরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
হাইওয়ে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সাদা মাইক্রোবাসে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল ঢাকাগামী মহাসড়কে নীল রঙের একটি গরুবাহী পিকআপের গতিরোধ করে। ডাকাত দলের সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেন। অপর ব্যক্তিকে নামানোর জন্য তাঁরা ধস্তাধস্তি করছিলেন।
এ সময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করে। অন্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করে জব্দ করা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার মিজান একজন চিহ্নিত অপরাধী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ৩৪টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত