প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
আট মাস ধরে বিদ্যুৎ নেই, দিশেহারা দেড় হাজার পরিবার
TV 26 NEWS ডেস্ক : ||
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে প্রায় ৮ মাস ধরে বিদ্যুৎ নেই। নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ইউনিয়নের প্রায় ১ হাজার ৫০০ পরিবার। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মাবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। কিন্তু ক্যাবল ছিঁড়ে যাওয়ায় প্রায় ৮ মাস ধরে পুরো ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর পড়াশোনার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে না পারায় তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
ইউনিয়নের নন্দলালপুর গ্রামের বাসিন্দা নয়ন শেখ বলেন, প্রায় ৮ মাস ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। সন্ধ্যা হলেই অন্ধকারে থাকতে হয়। ছেলেমেয়েদের পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছে। মোবাইল ফোন চার্জ দেওয়াসহ দৈনন্দিন নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করার দাবি জানাই।
আরেক বাসিন্দা আবুল হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় আমাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে এভাবে চলতে থাকায় আমরা খুব কষ্টে আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত সমস্যার সমাধান করে আমাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হোক।
দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ইউনিয়নের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে এলাকার প্রায় দেড় হাজার পরিবার দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা চাই, দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করা হোক।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের জানিয়েছে, পদ্মার তলদেশে তীব্র স্রোতের কারণে সংযোগ দিতে বিলম্ব হচ্ছে। ইউএনও জানান, দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর বিষয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি।
এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২’এর দোহার জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকী খান বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য স্থাপিত সাবমেরিন ক্যাবলটি অনেক পুরোনো হওয়ায় পদ্মা নদীর তীব্র স্রোতে ত্রুটি দেখা দিয়েছে। নদীর তলদেশে প্রবল স্রোত থাকায় আপাতত নতুন করে ক্যাবল স্থাপন করা সম্ভব হচ্ছে না। তবে নতুন সাবমেরিন ক্যাবলের বরাদ্দ পাওয়া গেছে। আশা করছি, আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত