প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জে কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ
TV 26 NEWS ডেস্ক : ||
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার দুটি ট্রলার জব্দ করা হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট দুই জেলে পালিয়ে যান। পরে জব্দ করা কারেন্ট জাল ও ট্রলার ঘটনাস্থলেই বিনষ্ট করে অপসারণ করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার দিঘিরপাড় ও হাসাইল ইউনিয়নসংলগ্ন পদ্মা নদী এবং নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করে টঙ্গিবাড়ী থানা-পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরা এবং মাছ ক্রয়-বিক্রয় ও পরিবহনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলার পাওয়া যায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট দুই জেলে পালিয়ে যান।
পরে জব্দ করা কারেন্ট জাল ও ট্রলার ঘটনাস্থলেই বিনষ্ট করে অপসারণ করা হয়। নদীতে মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণ নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত