প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডে ৬ টন ইলিশ জব্দ, ৯ বোটমালিককে জরিমানা
TV 26 NEWS ডেস্ক : ||
চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে অবৈধভাবে মা ইলিশ আহরণবিরোধী যৌথ অভিযান চালিয়ে ৬ লাখ মিটার কারেন্ট জাল ও ৬ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৯টি বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জব্দ করা কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। আর ইলিশ মাছের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৭ ঘণ্টা সীতাকুণ্ড উপজেলার কুমিরা উপকূলসংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড যৌথভাবে অভিযানটি চালায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোতাছিম বিল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে জব্দ করা জাল তীরে এনে জনসমক্ষে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানা, এলাকার হতদরিদ্র পরিবার, মন্দির ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী ৯টি বোটের মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোতাছিম বিল্লাহ বলেন, মা ইলিশের প্রজনন রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশের প্রজনন রক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ইলিশসহ সব প্রজাতির মাছ আহরণ, পরিবহন, মজুত ও কেনাবেচা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত