প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
স্বচ্ছতায় বিশ্বাস করি, সবকিছু দৃশ্যমান করতে চাই: সিইসি
TV 26 NEWS ডেস্ক : ||
নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে এবং সবকিছু সবার কাছে দৃশ্যমান করতে চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছে না কমিশন। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনেও প্রস্তুতি নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব। পর্যবেক্ষণ শেষে বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিকদের এসব কথা জানান সিইসি।
নাসির উদ্দীন বলেন, ‘আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। সবকিছু সবার কাছে দৃশ্যমান করতে চাই।’ এখন পর্যন্ত ভোটের পরিবেশ নষ্ট হওয়ার মতো কোনো প্রমাণ পায়নি নির্বাচন কমিশন। সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বিভিন্ন বাহিনীর টহলও ডিজিটাল পদ্ধতিতে তদারকি করা হচ্ছে।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, আগাম যেসব অভিযোগ করা হয়েছিল, সেগুলো আমলে নেওয়া হয়েছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের তৎপরতা বাড়িয়েছে কমিশন। স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা অভিযোগকারীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, শুধু ঠাকুরগাঁও নয়, দেশের প্রতিটি নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন সিইসি।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত