প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযান, ৪ দালালকে কারাদণ্ড
TV 26 NEWS ডেস্ক : ||
পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য রোধে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জেলা প্রশাসন।
রবিবার (১ নভেম্বর) সকালে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে চার দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের সহজ-সরল রোগীদের নানাভাবে জিম্মি করে প্রতারণা করে আসছে। তারা হাসপাতালের সরকারি সেবা নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত।
এ সময় হাতেনাতে গ্রেফতার চার দালালকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে এনএসআই পাবনা কার্যালয়ের উপ-পরিচালক এ বি এম লুৎফুল কবিরসহ সংস্থাটির ১০ সদস্যের একটি দল এবং পাবনা সদর থানা পুলিশ অংশ নেয়।
সাজাপ্রাপ্ত চার দালাল হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট গ্রামের শহিদুল মন্ডলের ছেলে মো. ইদ্রিস আলী মন্ডল (২৫), কিসমত প্রতাপপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. সুজন আলী (২৮), হেমায়েতপুর গ্রামের তৈয়েব আলীর ছেলে মো. জাকির হোসেন (৩০) এবং একই এলাকার চাঁদ আলীর ছেলে মো. মাসুদ রানা (২৬)।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত