প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
TV 26 NEWS ডেস্ক : ||
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কের উভয় পাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। দুপুর ১টা পর্যন্ত তাদের অবরোধ চলতে দেখা যায়। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ব্যারিকেড তুলে নেওয়ার চেষ্টা করে।
নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়। প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি লরি পাশাপাশি যাওয়ার পর একটি লরি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ নম্বরের একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থীর ওপর পড়ে। তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথে লোকাল বাসের ধাক্কায় তারা দুর্ঘটনার শিকার হন।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকেরা ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত