প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
এখনও স্পর্ধা দেখাচ্ছে কিশোর গ্যাং, ৪২দিনে গ্রেফতার ৬৫০০
TV 26 NEWS ডেস্ক : ||
গত ২৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর। কুমিল্লায় ৪২দিনে কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে ৬ হাজার ৫৮০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ হাজার ৮২৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়। এছাড়া ২ হাজার ৭৩৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এরপরেও থামেনি কিশোর গ্যাংয়ের স্পর্ধা।
চলছে কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র প্রদর্শন। ফেসবুকে ছড়িয়ে নিজেদের বিকৃত শক্তির মহড়া। এছাড়া ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা।
স্থানীয় সূত্রমতে, গত ২৬অক্টোবর রাতে ভিক্টোরিয়া কলেজ একাদশ শাখার পিছনের রাস্তায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ আলোচনায় আসে।
সেই ঘটনায় ৩ নভেম্বর রাতে ছিনতাইয়ের ঘটনায় সরাসরি সম্পৃক্ত দুইজনসহ মোট চার ছিনতাইকারী আটক করে পুলিশ।
এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৩০ অক্টোবর রাতে দেশীয় অস্ত্র হাতে শ্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। তারা নিজেদের ‘এসবিএস’ গ্রপ বলে দাবি করেন। ২ নভেম্বর রাতে ঘটনার চার সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
মানবাধিকার সংগঠক আলী আকবর মাসুম বলেন, আইন শৃংখলা বাহিনীর পূর্বে শিথিলতার কারণে এই অপরাধী চক্র মাথা ছাড়া দিয়ে উঠে। এখন তাদের গ্রেফতারের অভিযান চলছে। এতে পরিস্থিতির উন্নতি হবে। এই কার্যক্রম যেন অব্যাহত থাকে।
আলোকিত বজ্রপুরের সংগঠক রফিকুল ইসলাম সোহেল বলেন,শুধু আটক করে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য শেকড়ে হাত দিতে হবে। পাড়ার রাজনীতিবিদ,শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের একসাথে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে ক্রীড়ায় মনোযোগী করতে হবে। দরদ দিয়ে পড়ায় ও কাজে ফিরিয়ে আনতে হবে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। কিশোররা যেন অপরাধমূলক কর্মকান্ডে জড়াতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের পড়ার টেবিলে ফেরাতে এবং নিরাপদ নগরী গড়তে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) ১৯ সেপ্টেম্বর মরদেহ উদ্ধারের পর জানা যায় এই হতাকাণ্ডে কিশোর গ্যাং জড়িত। এই ঘটনার পর পুলিশ কিশোর গ্যাং বিরোধী অভিযানে নামে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত