প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
ইরানে হামলা চালিয়ে বিজয় অর্জন করা যায় না: ইসমাইল বাকায়ি
TV 26 NEWS ডেস্ক : ||
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে অবৈধ ও নৃশংস আখ্যা দিয়ে এর জন্য ওয়াশিংটনের ঔদ্ধত্য ও ভুল হিসাব-নিকাশকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। তিনি বলেছেন, ইরানের জাতীয় দৃঢ়তা, সংকল্প ও মর্যাদাবোধ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মৌলিক ভুল ধারণার কারণেই দেশটির সব হিসাব-নিকাশ ব্যর্থ হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বাকায়ি। পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘পতনের আগে অহংকারই আসে’।
বাকায়ি বলেন, 'লোভ ও ঔদ্ধত্যের বশবর্তী হয়ে এবং একটি প্রতারণাপূর্ণ শাসকগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের দেশকে ইরানের বিরুদ্ধে একটি অবৈধ ও নৃশংস যুদ্ধে জড়িয়ে ফেলেছে। কিন্তু তাদের সব হিসাব-নিকাশ ব্যর্থ হয়েছে এবং পূর্বধারণাগুলো ভেঙে পড়েছে। এর কারণ, তারা ইরান এবং ইরানি জাতির দৃঢ়তা, সংকল্প ও জাতীয় গৌরববোধকে সঠিকভাবে বুঝতে পারেনি।'
ইরানের এই মুখপাত্র আরও বলেন, 'যুক্তরাষ্ট্রের জনগণ ইতোমধ্যে দেশটির নেতৃত্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারপরও যদি তারা বাস্তবতা ও ইতিহাসের শিক্ষা উপেক্ষা করতে থাকে, তাহলে এর পরিণতি ইতোমধ্যে যা প্রত্যক্ষ করেছে, তার চেয়েও অনেক বেশি সুদূরপ্রসারী হবে।'
নিজের বক্তব্যে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পরিণতি সম্পর্কে কঠোর বার্তা দেন বাকায়ি। তিনি লেখেন, 'ইরানে হামলা চালিয়ে বিজয় অর্জন করা যায় না। এর পরিণতি কেবল পরাজয়। ইরান এমন কোনো জাতি নয়, যাদের ঔদ্ধত্য দিয়ে বোঝা যায়, হুমকি দিয়ে ভয় দেখানো যায় কিংবা আগ্রাসন চালিয়ে নতজানু করা যায়।'সূত্র: পার্সটুডে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত