প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
আফগানিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
TV 26 NEWS ডেস্ক : ||
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র ম্যাচে আফগানিস্তানের দেওয়া ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানেই অলআউট হয়েছে বাংলাদেশের যুবারা। ফলে ১১৩ রানের জয় পেয়েছে আফগানিস্তান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে তারা।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন শাহ ফয়সাল রহিমি। ৯৭ বলে ৮টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। এছাড়া তাহির সারওয়ার ৩৭, নোমান সালারজাই ১৬ ও আমির হামজা ১৬ রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাফিউল আলম তামিম। ১০ ওভারে ৪১ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। রবিউল হাসান অনিক নেন দুটি উইকেট। রুবায় ইসলাম রিজন ও শেখ আতিউর রহমান একটি করে উইকেট পান।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। একপ্রান্তে লড়াই চালিয়ে ৫৮ বলে ৪১ রান করেন এসকে জারিফ সিয়াম। রবিউল হাসান অনিক ৪৭ বলে ৩৩ এবং রুবায় ইসলাম রিজন ১৪ বলে ২১ রান করেন।
তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৫.৫ ওভারে ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
আফগানিস্তানের হয়ে বল হাতে আমির হামজা, নূর আলী নিজাই ও সামি মোবারেজ তিনটি করে উইকেট নেন। সোহেল খান পান একটি উইকেট।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত