প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
ইউএনওর অনুপস্থিতিতে গার্ড অব অনার ছাড়াই দাফন বীর মুক্তিযোদ্ধার
TV 26 NEWS ডেস্ক : ||
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে লড়াই করে দেশ স্বাধীন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৮)। অথচ মৃত্যুর পর শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ পাননি তিনি। দীর্ঘ অপেক্ষার পর রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই তাকে দাফন করতে হয়েছে স্বজনদের। এ ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও সহযোদ্ধারা।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় মারা যান আব্দুস সাত্তার। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। কর্মজীবনে যোগাযোগ ও আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। বার্ধক্যের শেষ দিনগুলো ছেলের সঙ্গে ঢাকায় কাটাচ্ছিলেন তিনি।
মৃত্যুর পর ঢাকায় প্রথম জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ গ্রামে পৌঁছালে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার দেওয়ার অপেক্ষায় থাকেন স্বজনেরা। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও উপজেলা প্রশাসনের কোনো প্রতিনিধিকে সেখানে পাওয়া যায়নি। একপর্যায়ে গার্ড অব অনার ছাড়াই তাকে দাফন করা হয়।
পরিবারের অভিযোগ, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামকে একাধিকবার জানানো হলেও তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেননি। রাত হয়ে যাওয়ার অজুহাতে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়নি বলে দাবি স্বজনদের।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন আদেশ, ২০২০ অনুযায়ী, মৃত বীর মুক্তিযোদ্ধার কফিন জাতীয় পতাকা দিয়ে আবৃত করতে হয়। সৎকার বা সমাধিস্থ করার আগে পতাকা সরিয়ে নিতে হয়। সরকারের অনুমোদিত প্রতিনিধি কফিনে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি অনুমোদিতসংখ্যক পুলিশ সদস্যের মাধ্যমে সশস্ত্র সালাম প্রদান এবং বিউগলে করুণ সুর বাজানোর বিধান রয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গার্ড অব অনার পরিচালনা করবেন। রাষ্ট্রীয় বা জনগুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকলে থানার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা এ দায়িত্ব পালন করবেন। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর নিজস্ব রীতি অনুসরণ করতে হবে। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধার অন্তিম ইচ্ছা ও ধর্মীয় রীতি অনুযায়ী তার সৎকার বা সমাধিস্থ করার বিধান রয়েছে।
ভাইকে শেষ সম্মানটুকু জানাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন আব্দুস সাত্তারের ভাই শাহজাহান। তিনি বলেন, ‘চেয়েছিলাম ভাইকে শেষ সম্মানটুকু জানিয়ে চিরবিদায় দিতে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। ৯ মাস অস্ত্র হাতে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করল, অথচ সে তার প্রাপ্য সম্মানটুকুও পেল না।’
মহালক্ষ্মীপাড়া গ্রামের আরেক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা বলেন, ‘বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া না গেলেও অন্তত প্রশাসনের লোক এসে শেষ শ্রদ্ধা জানিয়ে যেতে পারত। কিন্তু তা-ও করা হয়নি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সহযোদ্ধার এমন অমর্যাদা সহ্য করার মতো নয়।’
উপজেলা প্রশাসনের দায়িত্বে অবহেলার অভিযোগ করেন ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার। তিনি বলেন, প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে গার্ড অব অনার ও সশস্ত্র সালামের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ইউএনও মুন্নী ইসলাম এতে সাড়া দেননি। সন্ধ্যার পর গার্ড অব অনার দেওয়া যায় না বলে তিনি অজুহাত দেখিয়েছেন।
জানাজায় অংশ নেওয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার না দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
তবে এ ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল না বলে দাবি করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি বলেন, ‘গার্ড অব অনার দেওয়ার জন্য পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ লাইন থেকে বিউগলের সুর বাজানোর জন্য দলও এসেছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকায় পুলিশ একা গার্ড অব অনার দিতে পারেনি।’
এ বিষয়ে বক্তব্য জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
পরে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আকতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই বীর মুক্তিযোদ্ধাকে কেন গার্ড অব অনার দেওয়া হয়নি এবং কেন তার বাড়িতে গিয়ে সহানুভূতি প্রকাশ করা হয়নি, সে বিষয়ে ব্রাহ্মণপাড়ার ইউএনওর কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। বিষয়টি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও জানানো হয়েছে। লিখিত জবাব পাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত