প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
অস্ত্র উৎপাদন ও আধুনিকায়ন এক মুহূর্তের জন্যও থামবে না: ইরানি জেনারেল
TV 26 NEWS ডেস্ক : ||
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, শত্রুকে কোনোভাবেই ইরানের অস্ত্র উৎপাদন ও আধুনিকায়ন প্রক্রিয়া এক মুহূর্তের জন্যও বন্ধ করতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স শত্রুপক্ষের ২৬০টিরও বেশি আকাশযান ও উড়ন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
শনিবার আইআরজিসির অ্যারোস্পেস সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মোহেব্বি জানান, এই বাহিনীর অন্যতম প্রধান কৌশলগত অর্জন হলো মহাকাশ ও বিমান প্রযুক্তিতে নিজস্ব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক প্রযুক্তির দেশীয়করণ। এর ফলে ইরান সামরিক অস্ত্র আমদানিকারক দেশ থেকে বিমান ও মহাকাশ প্রযুক্তি রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, বর্তমানে ইরান নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন দেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করছে। এর মধ্যে আরমান ক্ষেপণাস্ত্র, ৩৫৮ ড্রোন এবং খোরদাদ-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য। অস্ত্র, সরঞ্জাম ও যন্ত্রাংশ উৎপাদনে ইরান এখন নিজস্ব জ্ঞান ও প্রযুক্তির ওপর নির্ভরশীল।
সাম্প্রতিক ৪০ দিনের সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, এ সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স শত্রুপক্ষের ২৬০টিরও বেশি যুদ্ধবিমান, ড্রোন ও অন্যান্য আকাশযানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে অথবা তাদের কার্যক্ষমতা নষ্ট করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৮ ও এফ-১৫ যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, রিপার ও লুকাস ড্রোন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মোহেব্বি আরও বলেন, যুদ্ধকালীন পরিস্থিতি ও বোমাবর্ষণের মধ্যেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন অব্যাহত রাখার সক্ষমতা অর্জন করেছে ইরান। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের রাডারে শনাক্ত হওয়ার সম্ভাবনা কমানো এবং স্টেলথ প্রযুক্তির উন্নয়নেও অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি দৃঢ়ভাবে বলেন, ইরানের অস্ত্র উৎপাদন ও আধুনিকায়ন কার্যক্রম বন্ধ করার শত্রুপক্ষের কোনো প্রচেষ্টাই সফল হতে দেওয়া হবে না।সূত্র: পার্সটুডে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত