প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
আজ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বসছেন ট্রাম্প
TV 26 NEWS ডেস্ক : ||
হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সানির সঙ্গে আজ (সোমবার) বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে। হোয়াইট হাউসের প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানায়, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। রুদ্ধদ্বার এই বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার। ইরানের পরমাণু কর্মসূচি ও সংঘাত বন্ধের শর্ত নিয়ে দুই পক্ষের মতপার্থক্য কমানোর চেষ্টা করছে দেশটি। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরছে কাতার। তবে ইরানের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রবিবার তিনি বলেন, শিগগিরই এ সংকটের সমাধান হবে বলেও তিনি মনে করছেন না।
প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ফ্লোরিডা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি বলেন, ট্রাম্প কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চান। তবে ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। কিছু শর্তকে তিনি ‘আপত্তিকর, হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত’ বলে মন্তব্য করেন।
এদিকে রবিবার ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি হলে এবং একটি শক্তিশালী চুক্তি হলে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সামরিক অভিযান আবার শুরু হলে যুক্তরাষ্ট্র আরো কিছু স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে বলে সতর্ক করেন তিনি। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সেতুও রয়েছে বলে জানান ট্রাম্প।
সূত্র: রয়টার্স।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত