প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
৫ আগস্টের পর ফেনীতে আত্মগোপনে পাবনার যুবলীগ নেতা, গ্রেপ্তার
TV 26 NEWS ডেস্ক : ||
ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আকিবুল করিম লিটন পাবনা জেলা আওয়ামী যুবলীগের সদস্য বলে জানা গেছে।
মঙ্গলবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। আকিবুল করিম লিটন পাবনা জেলার আমিনপুর থানার মুরারীপুর গ্রামের মৃত ইসমাইল উদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আকিবুল করিম লিটন দীর্ঘদিন ধরে ফেনীতে আত্মগোপনে ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি পাবনা থেকে ফেনীতে এসে অবস্থান নেন। শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেনের অনিক নিবাসে বসবাস করছিলেন তিনি।
স্থানীয় সূত্রের দাবি, আত্মগোপনে থেকেও তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিলেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন, নেতাকর্মীদের সংগঠিত করা এবং গোপনে সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সূত্রগুলোর দাবি, ফেনীতে অবস্থানকালে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন ঝটিকা কর্মসূচি ও মিছিলের পেছনে অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখছিলেন আকিবুল। সম্প্রতি ফেনী হাজারী কলেজসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলেও তাকে অংশ নিতে দেখা গেছে। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা ও বিভিন্ন অপতৎপরতার অভিযোগ পাওয়ার পর তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত