প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
মেসির পথেই হাঁটছেন হ্যারি কেইন, আরও এক বিশ্বকাপ খেলার ইঙ্গিত
TV 26 NEWS ডেস্ক : ||
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলের পরাজয়ে বিদায় নিতে হয়েছে ইংল্যান্ডকে। ম্যাচ শেষে অধিনায়ক হ্যারি কেইনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জোর আলোচনা শুরু হলেও অবসরের ভাবনা আপাতত মাথায় নেই বলে জানিয়েছেন তিনি। বরং লিওনেল মেসির দীর্ঘ ক্যারিয়ারের উদাহরণ টেনে ভবিষ্যতে আরও একটি বিশ্বকাপ খেলার সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি ইংলিশ এই ফরোয়ার্ড।
বুধবার(১৫ জুলাই) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কেইনকে জিজ্ঞাসা করা হয়, এটিই কি তার শেষ বিশ্বকাপ ছিল? উত্তরে বায়ার্ন মিউনিখের এই তারকা বলেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলার সময় হয়নি। আমি বছর ধরে এগোই এবং দেখি নিজেকে কেমন অনুভব করি। ইংল্যান্ডের হয়ে খেলতে আমি ভীষণ ভালোবাসি। তবে অবশ্যই চার বছর অনেক দীর্ঘ সময়।’
এরপর মেসির প্রসঙ্গ টেনে কেইন বলেন, ’আবার দেখুন, মেসির মতো একজন এখনো বেশি বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলছেন। তাই সত্যি বলতে আমি জানি না। এই মুহূর্তে আমার প্রয়োজন শুধু এই বিদায়ের হতাশা কাটিয়ে ওঠা। আমরা আমাদের সবকিছুই উজাড় করে দিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না।’
৩৩ বছর বয়সী হ্যারি কেইন আপাতত আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চিন্তা করছেন না। দুই বছর পরের ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার সামনে। এদিকে ক্লাব ফুটবলেও তাকে ধরে রাখতে নতুন চুক্তির বিষয়ে আগ্রহ দেখাচ্ছে বায়ার্ন মিউনিখ। সবকিছু বিবেচনায় ইংল্যান্ডের জার্সিতে আরও কিছুদিন কেইনকে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত