প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
বেগমগঞ্জে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী গুলিবিদ্ধ
TV 26 NEWS ডেস্ক : ||
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে বিএনপি নেতাকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যক্তির নাম ইয়াছিন সেন্টু (৪৫)। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেট এলাকার ওবায়দুলের চা-দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, দুর্বৃত্তদের গুলির লক্ষ্য ছিলেন জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজি আবুল কাশেম। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার সহযোগী ইয়াছিন সেন্টুর বুকে লাগে। এ সময় আবুল কাশেমের হাতেও গুলির আঁচড় লাগে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা হাজি আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজার হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতির দায়িত্ব পালন করছেন। ঘটনার রাতে তিনি হকার্স মার্কেটের কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে সেখান থেকে বের হয়ে সহযোগী সেন্টুকে নিয়ে মার্কেটের মুখে ওবায়দুলের চা-দোকানের সামনে বসেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ ইয়াছিন সেন্টুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান খান জানান, হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ- +8801828-915320, +8801978-915320 ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত