প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ
TV 26 NEWS ডেস্ক : ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
দুই দেশের সম্পর্কে দীর্ঘদিন ধরে অমীমাংসিত ও সংবেদনশীল বিভিন্ন বিষয় রয়েছে। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং পুশ-ইনের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এসব ইস্যুর পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ও আলোচনায় আসতে পারে।
সাম্প্রতিক সময়ে ঢাকা-নয়াদিল্লির মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ায় আজকের বৈঠককে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জুলাইয়ের শেষ দিকে হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পর দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
ফলে আজকের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ গতিপথের পাশাপাশি প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়েও কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, সেদিকেও নজর থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত