প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরে প্রস্তুতি সভা
TV 26 NEWS ডেস্ক : ||
১১ দলীয় ঐক্য ঘোষিত ১৯ সেপ্টেম্বরের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা শাখার সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৮ দফা দাবি—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব রোধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) ‘ঢাকা টু রংপুর’ লংমার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণমানুষের অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্যের এই আন্দোলনকে সফল করতে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সর্বাত্মক ভূমিকা পালনের জন্য তিনি উপস্থিত দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।অঞ্চল টিম সদস্য মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, পঞ্চগড় জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, পঞ্চগড় জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত এবং ঠাকুরগাঁও জেলা সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।উক্ত প্রস্তুতি সভায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত