প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুবি শিক্ষিকার সন্তান হত্যায় যুবক আটক
TV 26 NEWS ডেস্ক : ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকার একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।মৃত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান এবং কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় সে। এরপর থেকেই শিশুটি নিখোঁজ হয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সহায়তায় আইফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত করে। পরে শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে সানন্দা এলাকার একটি পাহাড়ে অপ্রতিমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল কাদের জিলানী জানান, আমরা ভাতিজাকে সঙ্গে নিয়ে টিলায় বাঁশ কাটতে এসেছিলাম। এ সময় ভাতিজা হঠাৎ লক্ষ্য করে একটি শিশু নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে অপ্রতিমকে এক অজ্ঞাত যুবকের সঙ্গে দেখা গেছে। ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা ইতিমধ্যে জড়িত সন্দেহে তুহিন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত থাকলে তাদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম একযোগে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত