প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দিন পর নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক
TV 26 NEWS ডেস্ক : ||
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার জের ধরে টানা দুই দিন বন্ধ থাকার পর জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের কয়েক দফা আলোচনা শেষে রাত সাড় ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো-নামানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক রুবেল হোসেন ও এক বাস সুপারভাইজারকে অতর্কিত মারধর করেন সিএনজি চালকরা।আহত চালক রুবেল হোসেনকে গুরুতর অবস্থায় প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এই হামলার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে রোববার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সবকটি রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিকরা। এতে গত দুই দিন চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই উদ্ভূত পরিস্থিতি নিরসনে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করা হয়। বাসচালককে মারধরের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশের আশ্বাসে শ্রমিকেরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল স্বাভাবিক করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত