প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
শরণার্থীদের জন্য বরাদ্দ বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
TV 26 NEWS ডেস্ক : ||
শরণার্থী, অভিবাসী ও সংশ্লিষ্ট বিভিন্ন সেবার জন্য কংগ্রেসের অনুমোদিত ৮১০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয় (ওএমবি) এ তথ্য জানিয়েছে।গত শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের কাছে পাঠানো এক চিঠিতে প্রশাসন এই তহবিল বাতিলের প্রস্তাব দেয়। প্রস্তাবিত কাটছাঁটের আওতায় রয়েছে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবা, স্বরাষ্ট্র, আবাসন ও নগর উন্নয়ন এবং বিচার বিভাগ।রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া বরাদ্দকৃত অর্থ বাতিলের চেষ্টা আইনবিরোধী। তিনি এ ধরনের পদক্ষেপ মোকাবিলায় সহকর্মীদের সঙ্গে কাজ করার কথা বলেছেন।ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদিত ব্যয়ের নির্দিষ্ট অংশ প্রেসিডেন্ট একতরফাভাবে বাতিল করতে চাইছেন। তিনি এটিকে ‘পকেট রিসিশন’ এবং অবৈধ ‘লাইন-আইটেম ভেটো’ হিসেবে বর্ণনা করেছেন।‘রিসিশন’ বলতে বোঝায়—প্রেসিডেন্ট কংগ্রেসকে আগে অনুমোদিত কোনো সরকারি বরাদ্দ বাতিল করার আহ্বান জানানো। তবে এ নিয়ে রাজনৈতিক ও আইনগত বিতর্ক তৈরি হয়েছে। এই তহবিল কাটছাঁটকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন কমানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।প্রশাসন এর আগে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি সীমিত করার উদ্যোগ নিয়েছিল। তবে এ-সংক্রান্ত প্রেসিডেন্টের আদেশ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং সুপ্রিম কোর্টের রায়ে তা বাধাগ্রস্ত হয়।এ ছাড়া নতুন সরকারি নির্দেশনার মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি না পাওয়া কিছু বৈধ শরণার্থীকে আটক করার ক্ষেত্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)- এর ক্ষমতা বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সম্প্রতি ভিসার মর্যাদা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রে থাকা বিদেশিদের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হয়েছে। এই নিয়ম অনুযায়ী, কিছু আবেদনকারীকে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশের মার্কিন দূতাবাস থেকে আবেদন করতে হতে পারে।সূত্র: মিডল ইস্ট আই।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত