প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত
TV 26 NEWS ডেস্ক : ||
বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় শহর কিয়াউকতাও’র একটি মার্কেটে বোমাবর্ষণ করেছে মিয়ানমারের বিমানবাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৪৯ জন এবং আহত হয়েছেন আরও ৫৮ জন।গত কাল ২৮ সেপ্টেম্বর সোমবার ঘটেছে এ হামলা। যে এলাকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী, সেটি মিয়ানমারের অন্যতম শীর্ষস্থানীয় সেনাবিরোধী রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকা।সোমবার এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, সোমবার বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান কিয়াউকতাও’র সেই মার্কেটের ওপর দু’টি বোমা ফেলে, এতে মোট নিহত হন ৪৯ জন এবং আহত হন আরও ৫৮ জন। আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।আরাকান আর্মির বিবৃতিতে আরও বলা হয়, নিহত ও আহতদের মধ্যে সবাই বেসামরিক। তাদের কেউ সেই মার্কেটের অস্থায়ী দোকানব্যবসায়ী, কেউ স্থায়ী ব্যবসায়ী এবং কেউ বা সাধারণ পথচারী।রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অং’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও নিহত ও আহতের যে সংখ্যা নিজদের আরাকান আর্মি দিয়েছে—তার সত্যতা স্বীকার করে বলেছেন, কিয়াউকতাও’র এই মার্কেটটি ছিল একটি পাইকারি মার্কেট এবং সবসময় এই মার্কেটে ভিড় থাকে। রাখাইন রাজ্যের নানা প্রান্ত থেকে সাধারন ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা এই মার্কেটে কেনাকাটা করতে আসেন।সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হামলার একাধিক ছবি ও ভিডিও ফুটেজ পোস্ট করা হয়েছে। সেসব ছবি-ভিডিওতে দেখা গেছে— কিউকতাও শহরের সেই মার্কেট এবং আশপাশের কয়েকটি ভবন, গাড়ি-বাসে আগুন জ্বলছে। বিমান বাহিনীর বোমায় বাজার সংলগ্ন একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।উল্লেখ্য, রাখাইনভিত্তিক আরাকান আর্মি মিয়ানমারের অন্যতম বৃহৎ ও শক্তিশালী সেনাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। বহু বছর ধরে এই গোষ্ঠীটি রাখাইনের স্বায়ত্তশাসন অর্জনের লক্ষ্যে লড়াই করছে।২০২১ সালে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করার পর সাধারণ জনতার সেনাবিরোধী মনোভাবকে কাজে লাগিয়ে সাংগঠনিক বিস্তার ও শক্তিবৃদ্ধিতে মনোযোগ দেয় আরাকান আর্মি। তারপর ২০২৩ সালে রাখাইনের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনীর সঙ্গে সর্বাত্মক সংঘাতে নামে, যা এখনও চলছে।রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টিই বর্তমানে আরাকান আর্মির দখলে আছে। কিউকতাও এই ১৪ শহরের মধ্যে একটি।সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস, ইন্ডিয়া টুডে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত