প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
স্কুলে ঢুকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে তিনবার আছাড়, আটক অভিভাবক
TV 26 NEWS ডেস্ক : ||
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই সহপাঠীর ঝগড়ার জেরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর ও তিনবার আছাড় দেয়ার অভিযোগ উঠেছে অপর এক শিক্ষার্থীর বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক নাহিদ শেখকে (৩৫) আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগে বুধবার দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় নিজের ছেলে আতিকুর রহমানকে মারধরের সন্দেহে বৃহস্পতিবার বিদ্যালয়ে যান তার বাবা নাহিদ শেখ।পরে তিনি শ্রেণিকক্ষে ঢুকে একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে মারধর করেন এবং একপর্যায়ে তিনবার আছাড় দেন। এ সময় শ্রেণিকক্ষে থাকা অন্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। শব্দ শুনে বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তার কক্ষে নিয়ে যান এবং বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে একজন শিক্ষার্থীর অভিভাবক শ্রেণিকক্ষে ঢুকে অন্য শিক্ষার্থীকে মারধর করেছেন। বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়ে সমাধানের চেষ্টা না করে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর করা ঠিক হয়নি।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফোরকানুল হক (সাকিব), ব্যবস্থাপনা সম্পাদকঃ সোহাগ আরেফিন
যোগাযোগঃ-০১৮২৮৯১৫৩২০, ০১৯৭৮৯১৫৩২০ ইমেইল : info@tv26news, contact@tv26news.comসম্পাদকীয় ও বানিজ্যিক কার্যালয়ঃ- আরামবাগ, মতিঝিল, ঢাকা- ১০০০।
কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত