দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে নানা চক্রান্ত করছে পরাজিত শক্তি: আমানউল্লাহ আমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যেন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কেরাণীগঞ্জের চরকুন্দলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত সমাজ ও মাদকমুক্ত ভবিষ্যৎ’ শীর্ষক সচেতন অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, জনগণের ভোটে এবং আস্থায় আজ দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে। দেশ উন্নয়নের অগ্রগতিতে ধাবিত হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য সুবিধা এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের জন্য সরকারের নানামুখী উদ্যোগ প্রতিফলিত হচ্ছে। দেশের এই অর্জন যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে, ঠিক তখনই ফ্যাসিবাদের অনুসারীরা গোপনে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। কিন্তু এ দেশে চক্রান্ত করে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন বাড়াতে পারেনি। ফলে বর্তমানে যে সাময়িক সংকট দেখা দিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা খুব শিগগিরই সংকট নিরসন হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার হালিমা আক্তার, বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা রওসানারা, বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া প্রমুখ।