মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে চাঁদপুরে ২৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় মাছ ধরার পাঁচটি নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। শনিবার মধ্যরাত থেকে রবিবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৫ জেলেকে আটক করা হয়। আটকদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক। তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌ-পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানে মাছ ধরার পাঁচটি নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।’ জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বাড়াতে প্রতি বছর নির্দিষ্ট সময়ে নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নজরদারি ও অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজমগীর হোসাইন আরও বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’