মানিকগঞ্জে সাড়ে চার কোটি টাকার তিন সড়কের উন্নয়নকাজ উদ্বোধন
মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা। প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়কগুলোর মোট ৪ হাজার ১৮০ মিটার অংশে এসব কাজ করা হবে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার গড়পাড়া ও গিলন্ড এলাকায় প্রকল্পগুলোর ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এসব কাজের উদ্বোধন করেন।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, ‘গ্রামীণ সড়কের উন্নয়ন হলে মানুষের জীবনযাত্রার মান বাড়বে, কৃষিপণ্য সহজে বাজারজাত করা যাবে, গতি আসবে ব্যবসা-বাণিজ্যে। তাই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে মানিকগঞ্জের সব সড়কের উন্নয়ন করা হবে।’
এলজিইডি সূত্রে জানা গেছে, তিনটি সড়কের মধ্যে তরা ব্রিজ থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন করা হবে। এ ছাড়া গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণ করা হবে।
তরা ব্রিজ থেকে গিলন্ড বাজার পর্যন্ত সড়কের উন্নয়নকাজের চুক্তিমূল্য ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার ৩৬৭ টাকা। বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় ১২ ফুট প্রশস্ত সড়কটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরজাহান ইঞ্জিনিয়ারিং। ২০২৭ সালের ৩০ মে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজের চুক্তিমূল্য ৮৬ লাখ ১৪ হাজার ৪০১ টাকা ৮৫ পয়সা। এ কাজ বাস্তবায়ন করছে মেসার্স একরাম কনস্ট্রাকশন।
এ দুটি সড়কের মোট চুক্তিমূল্য ৩ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার ৭৬৮ টাকা ৮৫ পয়সা। তিনটি প্রকল্পের মোট ব্যয় প্রায় সাড়ে চার কোটি টাকা ধরা হলে গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার সড়কের ব্যয় দাঁড়ায় আনুমানিক ৯৬ লাখ ৩ হাজার ২৩১ টাকা ১৫ পয়সা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর তাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামীম আল মামুন, জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম উজ্জ্বলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।