ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ

কবিরাজির নামে কিশোরীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড ও ভিডিও ধারণের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজির নামে চিকিৎসা দিতে গিয়ে কিশোরীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন, ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাইজুল ইসলাম মুসা (৪০) নামের এক ভুয়া কবিরাজকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআরবি-৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার। গ্রেফতারকৃত তাইজুল ইসলাম মুসা পটুয়াখালীর মহিপুর থানাধীন মনসাতলী গ্রামের বাসিন্দা। মামলার বরাতে মিডিয়া কর্মকর্তা সাথী আক্তার বলেন, শারীরিকভাবে অসুস্থ থাকায় লোকমুখে মুসার কবিরাজি চিকিৎসার বিষয়ে জানতে পারে ভুক্তভোগী কিশোরী। পরে চিকিৎসার জন্য তার কাছে যায় ভুক্তভোগী। চিকিৎসার আড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে কিশোরীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করেন মুসা। এ সময় তার সহযোগীদের সহায়তায় ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়। তিনি আরো বলেন, পরবর্তীতে বিষয়টি জানতে পেরে কিশোরীর বাবা অভিযুক্তকে মেয়েকে বিয়ে করার অনুরোধ জানান। তবে এতে রাজি হননি মুসা। বরং ধারণ করা ভিডিওগুলো বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেন। এতে কিশোরী ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এবং সম্মানহানির শিকার হন। এসআরবির এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর প্রধান অভিযুক্ত মুসা আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়ার টিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুসাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কবিরাজির নামে কিশোরীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড ও ভিডিও ধারণের অভিযোগ