আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ, কুমিরের ভয়ে চিৎকার, উদ্ধার করল পুলিশ
ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ কন্নড় জেলার কুক্কে সুব্রহ্মণ্য অঞ্চলে কুমারধারা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান এক নারী। তবে নদীতে একটি কুমির আক্রমণ করার পর প্রাণের ভয়ে তিনি চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় তাঁকে জীবিত উদ্ধার করা হয়।
গত বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে কুমারধারা ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে মানসিক অবসাদগ্রস্ত হয়ে ওই নারী সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। নদীতে পড়ার পর একটি কুমির তাঁকে আক্রমণ করে, ফলে তিনি সামান্য আঘাত পান।
কুমিরের আক্রমণের শিকার হয়ে ওই নারী চিৎকার করতে শুরু করেন। শব্দ শুনে নদীর তীরের একটি স্থানীয় লজের কর্মচারীরা দ্রুত ছুটে আসেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে সুব্রহ্মণ্য থানায় জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি বিশেষ দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীকে নদী থেকে পানি থেকে টেনে তুলে নিরাপদ স্থানে নিয়ে আসে।
উদ্ধারের পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ওই নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের পর পরিবারটির হেফাজতে তাঁকে হস্তান্তর করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ করা হয়নি। পরিবারের অনুরোধে এবং গোপনীয়তা বজায় রাখতে ওই নারীর নাম ও পরিচয় প্রকাশ করা থেকে বিরত থেকেছে পুলিশ প্রশাসন।