ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ

হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ

সৌদি আরবে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে ফুটবল মাঠেও। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের নাটকীয় অবনতির পর সৌদি প্রো লিগের (এসপিএল) তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচও। মঙ্গলবার এসপিএলের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ‘লজিস্টিক বিবেচনা এবং ম্যাচের মধ্যে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময় নিশ্চিত করতে’ নবম রাউন্ডের তিনটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। ফলে লিগের শীর্ষে থাকা আল হিলাল ও আল রিয়াদের মধ্যকার ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। অন্যদিকে আল আহলির বিপক্ষে রোনালদোর আল নাসরের ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে ২০২৭ সালের ৬ মার্চ। তবে নবম রাউন্ডের বাকি ম্যাচগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এসপিএল। সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফচি ফেরগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। সৌদি রাজধানী লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জোটের প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে- এমন ঘোষণার পর ম্যাচ শুরুর সময় পরিবর্তন করা হয়। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। দেশটির বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে। সপ্তাহান্তে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার মধ্য দিয়ে সংঘাতের সর্বশেষ পরিস্থিতির সৃষ্টি হয়। ওই হামলায় ১৩ জন নিহত হন এবং বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ২০১৫ সালের পর এটিকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

হুথি হামলার জেরে সৌদি আরবে স্থগিত রোনালদোদের ম্যাচ